ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে রোববার সকালে সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। চার ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে জেলা বিএনপির আশ্বাসে অবরোধ স্থগিত করা হয়। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি না মানা হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবে এই ইউনিয়ন গঠিত হয়, যাঁর নিজস্ব বাড়ি বরিশল গ্রামে। বরিশল গ্রামটিও আগে বাসুদেব ইউনিয়নেরই অন্তর্ভুক্ত ছিল। বাসুদেব থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ী, বৈষ্ণবপুর ও বরিশল গ্রামকে আলাদা করে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে ওই সব গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন।
আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল সোয়া ৭টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ওই রুটে ট্রেন ও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা আগামী তিন দিনের জন্য অবরোধ স্থগিত ঘোষণা করেন।
চার ঘণ্টার এই রেল অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।