রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ফেরির মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি, অচল শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুট; ঘাটে আটকা প্রায় ২০০ যানবাহন

মাদরাসাছাত্র নিহতের ঘটনায় কাকলী ফেরির মাস্টারকে গ্রেপ্তারের পর বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন।

ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটের ফেরি চলাচল।

শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ের ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ২০০ যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের কাছে কাকলী ফেরির সঙ্গে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল নামে এক মাদরাসাছাত্র ঘটনাস্থলেই মারা যায়। ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা কক্সবাজার ও বান্দরবানে শিক্ষা সফরে গিয়েছিলেন; সফর শেষে চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে শরীয়তপুরের উদ্দেশে রওনা হন তাঁরা।

এ ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ-পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; তাঁদের মধ্যে রয়েছেন কাকলী ফেরির মাস্টার মোশাররফ হোসেন।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দুর্ঘটনার জন্য বালুবাহী বাল্কহেড দায়ী, অথচ অন্যায়ভাবে ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। মাস্টারের মুক্তি না হওয়া পর্যন্ত তাঁরা ফেরি পরিচালনা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি ছাড়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। নৌ পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরও একজন মাস্টারকে আটক করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, নিহত শিক্ষার্থীর পরিবার কোনো অভিযোগ করেনি। মাস্টারকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তার পরও বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়।