শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়ার মোকামতলায় ৫ ডিসেম্বর নতুন উপজেলা উদ্বোধনের কথা, ছয় লেন সড়কের ফলকও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

নিম গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ১ হাজার ৯০০ কোটি টাকায় ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা আছে।

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আসার কথা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার বেলা ১১টার দিকে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিম গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা আছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ কাজেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।

বিতরণ কার্যক্রম নিয়ে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। পরের বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিনে বাকি ৬০ হাজার বাড়িতে মগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারাও পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীকে চারা ও মগ দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব বিতরণ করা হবে।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। তাঁর ভাষ্য, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে; তবে এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান এবং বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা।