রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানাও করেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের দায়ে বাসচালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের মো. আলতাফ (২৫), যিনি বাসচালক; সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের রাব্বি (২১), যিনি চালকের সহকারী; এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদর হাট বাজারের সাগর ওরফে সজিব মাতাব্বর (২৪), যিনি বাসের সুপারভাইজার।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমরাও খান দিপু জানান, গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ওই নারী ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান। অভিযোগ অনুযায়ী, এরপর চলন্ত বাসে আসামিরা পর্যায়ক্রমে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ভয় দেখিয়ে ওই নারীর কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পিপি আরও জানান, পরদিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামানো হয়। সে সময় ওই এলাকায় টহলে থাকা হাইওয়ে পুলিশ ঘটনাটি জানতে পারে।

ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার স্বার্থে এখানে প্রকাশ করা হয়নি।