রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় সাধারণ ছুটি, ১১টি বন্ধ; কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের সরাল পুলিশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের মধ্যে শনিবার শ্রমিকেরা কারখানায় গেলেও কাজে যোগ না দেওয়ায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে শনিবার (২১ নভেম্বর) সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় সাভার-আশুলিয়ার আরও ১১টি কারখানা বন্ধ রয়েছে। বেলা ১১টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া।

পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, শনিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে যান। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছিল। তবে কাজের সময় সকাল ৮টার পরিবর্তে ৭টা নির্ধারণের প্রতিবাদে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি; তাঁরা শুধু কার্ড পাঞ্চ করেছিলেন। পরে শ্রমিকেরা কাজ না করায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। আশুলিয়ার আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে না আসায় সেগুলোও আজকের জন্য ছুটি দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে শারমিন গ্রুপের একটি কারখানার এক শ্রমিক বলেন, সকাল সাতটায় অফিসের সময় করায় সহকর্মীরা কার্ড পাঞ্চ করে কারখানার নিচে নেমে আসেন, পরে ছুটি দেওয়া হয়।

বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কাঠগড়া এলাকায় চালু কারখানাগুলোর সামনে কিছু শ্রমিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন; কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরানো হয়েছে। দুপুরের দিকে তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।