শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ওসিকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

অজ্ঞাত নম্বর থেকে পাঠানো বার্তায় পরিবারের ক্ষতি করার কথা বলা হয়; ওসি বলছেন, নিয়মিত অভিযানে আসামি গ্রেপ্তারের কারণে এমন হুমকি আসতে পারে।

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে এসব বার্তা পাঠানো হয়। ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকির বার্তা আসে। বার্তাগুলো ইংরেজি ও বাংলায় পাঠানো হয়। ইংরেজি বার্তায় বলা হয়, তাঁর পরিবার নিয়ে তাঁরা উদ্বিগ্ন এবং তিনি যা করছেন তা চালিয়ে গেলে খুব শিগগির ‘অ্যাকশন’ নেওয়া হবে।

বাংলা বার্তাগুলোতে পরিবার ও বংশ শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একটি বার্তায় বলা হয়, এখন থেকে কোনো ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে ‘খবর আছে’। অন্য একটি বার্তায় নিজের ও থানার কথা ভেবে গ্রেপ্তার থেকে বিরত থাকতে বলা হয়, নইলে রক্ষা নেই বলে হুমকি দেওয়া হয়। সর্বশেষ বার্তায় ‘কাফনের কাপড় রেডি রাখার’ কথা বলা হয় বলে জিডিতে উল্লেখ আছে।

এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় জিডি করেন। তিনি বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। ওসির ধারণা, এসব অভিযানের কারণেই এমন হুমকি আসতে পারে।

ওসি আরও জানান, হুমকি দেওয়া নম্বরটির পরিচয় শনাক্ত এবং ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হুমকিদাতা কে বা কারা, তা এখনো জানা যায়নি।