বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সুন্দরবনে বনদস্যুর আতঙ্কে কর্মহীন বনজীবীরা, শ্যামনগরের গাবুরায় খালি থালা-কলস নিয়ে নারীদের বিক্ষোভ

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খালি থালা ও কলস হাতে রাস্তায় নেমেছেন শত শত নারী।

সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে বনজীবী পরিবারের পুরুষ সদস্যদের। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে খালি থালা ও কলস হাতে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার শত শত নারী। বৃহস্পতিবার বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বনজীবী পরিবারের সদস্য, গৃহবধূ, নারী ও কিশোরীরা অংশ নেন। প্রতীকী উপকরণ হিসেবে তাঁদের হাতে ছিল খালি থালা ও কলস, যার মাধ্যমে তাঁরা কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর অভাব, অনাহার ও পানির সংকটের চিত্র তুলে ধরেন।

বিক্ষোভে অংশ নিয়ে ময়না খাতুন বলেন, দস্যুদের আতঙ্কে পরিবারের আয় বন্ধ হয়ে গেছে, পুরুষেরা বনে যেতে পারছেন না। গত দুই দিন ধরে তাঁর বাড়িতে রান্না হয়নি। লায়লা খাতুন বলেন, ঘরে খাবার নেই, অনেক পরিবারের চুলায় আগুন জ্বলছে না; এভাবে আর কত দিন চলবে তা কেউ জানে না। বিলকিস বেগম জানান, অভাবের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এবং খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবও দেখা দিয়েছে। অন্য কয়েকজন নারী বলেন, অর্থাভাবে সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সুন্দরবনকে ঘিরে যাঁদের জীবিকা, তাঁদের কাছে বনে যেতে না পারা মানে আয় বন্ধ হয়ে যাওয়া। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তাঁরা জীবিকার ঝুঁকি নিতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে পরিবারের নারী ও শিশুদের ওপর।

বিক্ষোভকারীরা অবিলম্বে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, দস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।