কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ফকির ভান্ডারির ঢেবা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় তিনি চিতারবিল এলাকায় নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ জঙ্গলের ভেতর থেকে খাবারের সন্ধানে ছুটে আসা একটি দলছুট হাতি তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
চকরিয়া থানার নিয়ন্ত্রণাধীন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শওকত হোসেন বলেন, উত্তর হারবাংয়ে হাতির আক্রমণে একজন নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পরে লাশ উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।