দেশীয় উদ্যোক্তাদের তৈরি পোশাক, জুতা, ব্যাগ, গয়না, প্রসাধনী, পাটপণ্য, হস্তশিল্প ও ইলেকট্রনিকসহ নানা পণ্য এক ছাদের নিচে কেনার সুযোগ আসছে। আগামী ২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের মেলায় চার শতাধিক উদ্যোক্তা তাঁদের প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন মেলার আয়োজন করছে। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশে কোনো টাকা লাগবে না।
এসএমই ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ও তৈরি পোশাক, হারবাল পণ্য ও প্রসাধনী, অলংকার, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক ও রাবারজাত পণ্য এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। মেলায় কেবল দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন; কোনো বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন বা বিক্রি করা যাবে না।
পণ্য কেনাবেচার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য থাকছে ব্যাংকঋণ সম্পর্কে জানার বিশেষ সুযোগ। মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে এসএমই ঋণের শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানা যাবে। ব্যাংক ও উদ্যোক্তা একমত হলে মেলা প্রাঙ্গণেই ঋণের আবেদন করা যাবে; ঋণ পাওয়ার সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও পরামর্শ মিলবে।
সাত দিনের মেলায় সহজ শর্তে অর্থায়ন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন উদ্যোক্তা তৈরি এবং নারী উদ্যোক্তা উন্নয়ন নিয়ে কয়েকটি সেমিনার হবে। সেমিনারগুলো বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত হবে।
এসএমই ফাউন্ডেশন ২০১২ সাল থেকে ঢাকায় জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করে আসছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১২টি মেলায় প্রায় সাড়ে তিন হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন এবং তাঁরা প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন বলে ফাউন্ডেশনের তথ্যে জানা গেছে।