রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিহারের নির্বাচনী লড়াইয়ে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমায় কোণঠাসা সীমাঞ্চলের মুসলমানরা

শেরশাহবাদি বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে বিজেপির ‘অনুপ্রবেশকারী’ প্রচারণায় উত্তপ্ত ভারতের বিহার রাজ্যের সীমাঞ্চল অঞ্চল

বিহারের কিশানগঞ্জে শেরশাহাবাদী মুসলমানদের একটি সাম্প্রতিক বিক্ষোভে একটি প্ল্যাকার্ড
ছবি: বিহারের কিশানগঞ্জে শেরশাহাবাদী মুসলমানদের একটি সাম্প্রতিক বিক্ষোভে একটি প্ল্যাকার্ড

ভারতের বিহার রাজ্যে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে সীমাঞ্চল এলাকার শেরশাহবাদি বাংলাভাষী মুসলমানরা আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বিজেপি নেতাদের ধারাবাহিক মন্তব্যে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদের—যা স্থানীয়ভাবে সামাজিক বিভাজন ও ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

বিহারের কিশানগঞ্জ জেলার বাসিন্দা মুখতার আলম মনে করেন, কয়েক বছর আগেও তার হিন্দু বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিল স্বাভাবিক। কিন্তু দুই বছর আগে এক রাজনৈতিক বক্তৃতা সবকিছু পাল্টে দেয়।

সেই সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি-জোট নেতা জিতনরাম মাঁঝি এক সমাবেশে শেরশাহবাদি মুসলমানদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেন। এরপরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলম দেখেন, তার এক হিন্দু বন্ধুই মন্তব্য করেছেন—“তোমরা তো বাংলাদেশি অনুপ্রবেশকারী!”

“সেই মন্তব্যে আমি ভেতর থেকে কেঁপে উঠেছিলাম,” বলেন ব্যবসা প্রশাসনে স্নাতক আলম। “এতে বন্ধুত্বের বিশ্বাসটাই নষ্ট হয়ে গেল।”

শেরশাহবাদিদের শিকড়

‘শেরশাহবাদি’ নামটি এসেছে ঐতিহাসিক শেরশাহবাদ অঞ্চল থেকে, যা বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত ছিল। এই সম্প্রদায়ের ভাষা বাংলা, যাতে উর্দু ও হিন্দির শব্দও মিশে আছে। স্থানীয়ভাবে তাদের ‘বাদিয়া’ বা ‘ভাটিয়া’ নামেও ডাকা হয়।

বিহারে প্রায় ১৩ লাখ শেরশাহবাদি মুসলমান রয়েছেন, যাদের অধিকাংশই কিশানগঞ্জ ও কাটিহারে বাস করেন।

বিজেপির প্রচারণা ও নির্বাচনী রাজনীতি

আসন্ন নভেম্বরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপি নেতারা সীমাঞ্চল অঞ্চলে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু উত্থাপন করেছেন। মোদী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে ‘অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে’ একটি উচ্চক্ষমতাসম্পন্ন জনসংখ্যা মিশন গঠনের ঘোষণা দেন।

বিহারের মুসলমানদের মধ্যে প্রায় ২৮ শতাংশই সীমাঞ্চল অঞ্চলে বাস করেন। এখানে মুসলমানদের ঘনবসতির কারণে বিজেপি এই অঞ্চলকে ‘ডেমোগ্রাফিক সংকটের কেন্দ্র’ হিসেবে দেখাচ্ছে।

ইতিহাসের পুনরাবৃত্তি

১৯৮০-র দশকেই প্রথমবারের মতো এই এলাকায় ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীর’ অভিযোগ ওঠে। আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) তখন দাবি করেছিল, সীমাঞ্চলে হাজার হাজার বাংলাদেশি ভোটার তালিকায় ঢুকে পড়েছে। পরে প্রমাণের অভাবে সেই অভিযোগ টিকে থাকতে পারেনি।

কিন্তু এখন বিজেপি আবারও ‘আসাম মডেলের’ জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালুর দাবি তুলেছে, যা স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

ভোটার তালিকা থেকে নাম বাদ

সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (Special Intensive Revision) চালিয়েছে। এতে ৮ কোটির মধ্যে প্রায় ৬ শতাংশ ভোটার বাদ পড়েছেন। মুসলিম-অধ্যুষিত কিশানগঞ্জ জেলাতেই বাদ গেছে প্রায় ১০ শতাংশ নাম।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মন্তব্য করেছেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই হয়তো এই আবাসন সনদ জমা দিচ্ছে।”

সমাজে বিভাজন ও ভয়

এই রাজনৈতিক প্রচারণা এখন সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলছে। কিশানগঞ্জের শিক্ষক তাফহিম রহমান বলেন, “আগে আমাদের স্কুলে ১৬ শতাংশ ছাত্র হিন্দু ছিল, এখন তা নেমে এসেছে ২ শতাংশে।”

একই কথা বললেন স্থানীয় হাসপাতাল মালিক আজাদ আলম: “অনেক হিন্দু রোগী মুসলিম ডাক্তার বা ক্লিনিকে আসতে ভয় পায়।”

তবে অনেক হিন্দু বাসিন্দা এখনো সম্প্রীতির পক্ষে। স্থানীয় ধোপা অজয় চৌধুরী বলেন, “আমার গ্রাহকদের ৯০ শতাংশই মুসলমান। এখানে ধর্ম দেখে চললে কেউ টিকতে পারবে না।”

 

সামাজিক বিজ্ঞানী আদিল হোসেনের মতে, “সীমাঞ্চলের সমস্যা উন্নয়ন ও দারিদ্র্যজনিত। কিন্তু সেটিকে নিরাপত্তা ইস্যু বানানো হচ্ছে, যাতে মানুষ আতঙ্কে ও অনিশ্চয়তায় ভোগে। এভাবেই নাগরিক হিসেবে তাদের সম্ভাবনাকে রুদ্ধ করা হচ্ছে।”

 

বিহারের শেরশাহবাদি মুসলমানদের জন্য এই নির্বাচনী মৌসুম কেবল রাজনীতির সময় নয়—এটি তাদের অস্তিত্ব, পরিচয় ও নিরাপত্তার প্রশ্নে এক বড় পরীক্ষা। মুখতার আলমের কথায়,
“প্রতিবার নেতারা আমাদের ‘অনুপ্রবেশকারী’ বলে, আমাদের প্রমাণ দিতে হয় আমরা ভারতীয়। এটা ভয় নয়, অভিশাপের মতো আমাদের তাড়া করে বেড়ায়।”