বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহে স্পিডব্রেকারে মোটরসাইকেল উল্টে চুয়াডাঙ্গার ছাত্রদল নেতা নিহত

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের নেতা সৌরভ হোসেন (২৮) মারা গেছেন, আহত হয়েছেন তাঁর সহযাত্রী।

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের নেতা সৌরভ হোসেন (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ এক নারী সহযাত্রীকে নিয়ে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে সড়কের স্পিডব্রেকার চোখে না পড়ায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত সহযাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার মধ্যরাতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সৌরভের মৃত্যুর খবরে চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় শোকের ছায়া নেমে আসে। রাত থেকেই তাঁর বাড়িতে আত্মীয়স্বজন, বন্ধু ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন।