যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের তিনটি প্রধান রপ্তানি খাত চাপে পড়তে পারে। এই খাতগুলো হলো তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় আছেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে শুল্ক বসানোর প্রস্তাব করেছে। বাংলাদেশের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কহার ১৮ শতাংশ। আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে হারটি ২০ শতাংশ পর্যন্তও হতে পারে। প্রস্তাবের ওপর ৫ জানুয়ারির মধ্যে সরকার লিখিত মতামত দিতে পারবে। আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানির পর শুল্ক কার্যকর হবে।
এর আগে জুলাই মাসে জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক বসানো হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রে তা ছিল ১০ শতাংশ। সেই শুল্কসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে গড় শুল্ক ২৫ শতাংশ। নতুন করে ১৮ শতাংশ আরোপ হলে মোট গড় শুল্ক ৩৩ শতাংশে পৌঁছাবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি, ৯০৫ কোটি ডলারের পণ্য গেছে যুক্তরাষ্ট্রে, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েলের অংশ প্রায় পৌনে ৬ শতাংশ।
উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন ক্রেতাদের কাছে পোশাকের দাম বাড়ানোর জন্য দর-কষাকষির সময়। এ সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবেন না। অন্যদিকে প্রতিযোগী কোনো দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে সেই দেশ এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান, কারণ তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র।
প্রস্তাব অনুযায়ী ২ হাজার ২০৭টি পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে না। শুল্ক শেষ পর্যন্ত কোন দেশের ওপর কত হারে বসবে, তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের আলোচনা ও শুনানির ওপর।