জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল বের করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপির দুটি পক্ষ আলাদা মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এক পক্ষ অন্য পক্ষকে সড়ক ছেড়ে দিতে রাজি না হলে উত্তেজনা তৈরি হয়। পুলিশ তাঁদের থামানোর চেষ্টা করে। এর মধ্যে ইটপাটকেল ছোড়া হলে দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ালে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে ফারুক আহমদ (৩০) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।
একটি পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ অন্যরা। অন্য পক্ষের নেতৃত্বে আছেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিকসহ অন্যরা।
মাসুম মাহমুদ তালুকদার বলেন, তাঁদের মিছিল শান্তিপূর্ণ ছিল এবং চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অনেক নেতা-কর্মী তাতে ছিলেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ মিছিলের পথ রোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে, এতে তাঁদের তিন-চারজন আহত হয়েছেন।
অপর পক্ষের নেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তাঁরা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন মিছিল নিয়ে এসে সেখানে স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা দেখা দেয় এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মূলত দুটি মিছিল মুখোমুখি হওয়ায় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। বেলা দুইটার দিকে তিনি জানান, দুই পক্ষ তখন দুই জায়গায় অবস্থান করছিল এবং ঘটনাস্থলে পুলিশ ছিল।