মেঘনায় ট্রলার ডুবি: ২ দিন পর একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১৩ জন যাত্রী এবং গরু-ছাগল নিয়ে একটি ট্রলার কুমিল্লার শ্রীমান্দি গ্রাম থেকে সোনারগাঁওয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়েতে যাচ্ছিল। মাঝনদীতে ঝড়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারডুবির পর আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। একজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল নিখোঁজদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করে। বৈদ্যেরবাজার আল মোস্তফা কারখানার সামনে ভাসমান অবস্থায় মরদেহগুলো পাওয়া যায়। উদ্ধারকৃতরা হলেন সাজিব, সামিয়া ও সামিন।
তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিখোঁজ ৪ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধারের জন্য অভিযান চলছে।”