বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)। কানাডার মন্ট্রিলে আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার এ বৈঠক হয়।
বৈঠকে বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
আইকাও মহাসচিব জানান, বিশ্বজুড়ে বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। বিমানবন্দরের অবকাঠামো ও বিমান পরিবহনসেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের আগ্রহ প্রকাশ করে তিনি সংস্থাটির সঙ্গে দেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, পরিবেশগত স্থায়িত্ব ও অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের কাজ করার সুযোগ রয়েছে।
বিমানমন্ত্রী আইকাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশে আধুনিক, নিরাপদ ও টেকসই বিমান পরিবহন খাত গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে মন্ত্রী আইকাওয়ের সহযোগিতা চান। বিশেষ করে কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটির সহায়তা কামনা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ। এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।