সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

প্যাকেটজাত খাবারের মোড়কে সতর্কবার্তা চালুর পক্ষে দেশে প্রথমবার দুই মাসের প্রচারণা শুরু

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবারের মোড়কে সামনের দিকে সতর্কবার্তা দেওয়ার প্রবিধান তৈরিতে সরকারকে সহায়তা করতে রোববার ঢাকায় প্রচারণার উদ্বোধন হয়েছে।

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাবার ও পানীয়র মোড়কের সামনের অংশে সতর্কবার্তা দেওয়ার পক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো একটি প্রচারণা শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।

আয়োজকেরা জানান, এই সতর্কবার্তাকে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) বলা হয়। এটি ক্রেতাদের স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সহায়তা করে। সরকারের চলমান নীতিপ্রক্রিয়ার প্রতি জনসমর্থন তৈরি ও জনসচেতনতা বাড়াতে প্রচারণাটি হাতে নেওয়া হয়েছে। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স যৌথভাবে এর আয়োজন করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ভিডিও ও অডিও বিজ্ঞাপন, স্থিরচিত্রসহ নানা উপকরণের মাধ্যমে টেলিভিশন, রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও মুদ্রিত পত্রিকা এবং গুগল বিজ্ঞাপনে দুই মাস প্রচারণা চলবে। প্যাকেটজাত পণ্যে থাকা অস্বাস্থ্যকর উপাদান এবং অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা এর লক্ষ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য অসংক্রামক রোগ দায়ী; এর মধ্যে হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিস অন্যতম প্রধান কারণ। দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় ৩১.৮ শতাংশ অতিরিক্ত ওজনের এবং ১৩.৪ শতাংশ স্থূলতায় আক্রান্ত। অতিরিক্ত ওজন ও স্থূলতা ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম প্রচারণার উদ্বোধন করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। অস্বাস্থ্যকর মোড়কজাত খাদ্য ও পানীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে মোড়কের সামনে সতর্কবার্তা–সংক্রান্ত প্রয়োজনীয় প্রবিধানমালা তৈরিতে কর্তৃপক্ষ কাজ করছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়েরসহ অন্যরা বক্তব্য দেন।