তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বর্তমানে কোনো চুক্তি নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তির জন্য সরকার কাজ করছে বলে জানান তিনি।
মঙ্গলবার সংসদ অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবছর ভাঙনপ্রবণ এলাকায় জরুরি আপৎকালীন কাজে তাৎক্ষণিক ক্ষতি কমানো হয়, কিন্তু তা স্থায়ী প্রতিরক্ষা নয়। তাই স্থায়ী সমাধানে প্রধান নদ-নদীর জন্য সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে জানানো হয়, সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় এ মহাপরিকল্পনা হচ্ছে। এর ধারাবাহিকতায় সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ঢাকা জেলায় যমুনা ও পদ্মার ঝুঁকিপূর্ণ অংশে তীর সংরক্ষণে ‘নদী সিস্টেমের অভিযোজনভিত্তিক ব্যবস্থাপনা’ নামে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী আরও জানান, উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় বন্যা ব্যবস্থাপনা, ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সম্প্রসারণ ও পরিবেশ পুনরুদ্ধারের জন্য একটি পৃথক সমীক্ষা চলছে। পাশাপাশি দেশের সব খালের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজও হাতে নেওয়া হয়েছে।