জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তাঁরা তা ইতিবাচকভাবে দেখেন। কিন্তু তাঁর অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারই জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর সম্মেলনে অংশ নেন।
ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের অধিকার ক্ষুণ্ন করছে। তাঁর দাবি, প্রায় ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। তিনি বলেন, সরকার জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায় মেনে নিক; তাহলে ফ্যাসিস্টবিরোধী শ্রমিক-জনতার ঐক্য গড়ে উঠবে। তাঁর ভাষ্য, গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টদের মোকাবিলায় দাঁড়িয়ে যাবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানসহ আরও কয়েকজন নেতা।
সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৭-২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।