বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ২৪ মামলা, প্রায় ৩০০ জন গ্রেপ্তার; বুধবারও কয়েকটি কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বুধবার দুই স্থানে সড়ক অবরোধের চেষ্টা হলে এক জায়গায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কয়েকটি স্থানে বুধবারও শ্রমিক অসন্তোষ দেখা গেছে। শ্রমিকেরা দুটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে এক জায়গায় পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়, অন্যত্র কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সড়ক থেকে সরানো হয়। পরিস্থিতির কারণে এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে।

পুলিশ জানিয়েছে, চলমান বিক্ষোভের বিভিন্ন সময়ে কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার সকালে সাভার ও আশুলিয়ার ১০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে সাতটি কারখানা ওই দিনের জন্য ছুটি ঘোষণা করেছে।

বুধবার সকালে সাভারের রেডিও কলোনি, উলাইল, ফুলবাড়িয়া ও হেমায়েতপুর এলাকা ঘুরে দেখা যায়, কারখানাগুলোতে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সকাল সাড়ে আটটার পর হেমায়েতপুরের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে বেশির ভাগ শ্রমিক নিজ নিজ গন্তব্যে ফিরে যান। পুলিশ সদস্যরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ জানান।