বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যায় ছয় দিন পর মামলা, ৫১ জনের নাম উল্লেখ, আসামি আরও ২০–২৫ জন

১৮ নভেম্বর মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত জাসাস ও কৃষক দলের দুই নেতার ঘটনায় মঙ্গলবার রাতে কালিয়া থানায় মামলা হয়েছে।

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতার নিহত হওয়ার ঘটনায় ছয় দিন পর হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা কালিয়া থানায় মামলাটি করেন। এতে ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এর আগে আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহত সোহেল রানা কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এবং শাহিনুর ইসলাম পৌর কৃষক দলের সদস্যসচিব ছিলেন। নিহতদের পরিবারের অভিযোগ, ১৮ নভেম্বর বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের “নৈরাজ্যের” প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিলটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের গ্রামের বাড়ি বেন্দারচরের সড়কে ঢুকলে নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান বলে অভিযোগ ওঠে।

হামলায় সোহেল রানা ও শাহিনুর ইসলাম গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। এই ঘটনার জেরে পরে অভিযুক্ত পক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মামলায় নাম থাকা ব্যক্তিরা অভিযুক্ত মাত্র; আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁদের অপরাধী বলা যাবে না।