রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র ১ ডিসেম্বর থেকে বন্ধ, চুক্তি নবায়ন করছে না সরকার

৩০ নভেম্বরের পর কেন্দ্র দুটিতে আবেদন জমা না দেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন; নতুন ব্যবস্থা পরে জানানো হবে।

পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র দুটির কার্যক্রম ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন গত ১৭ নভেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে কেন্দ্র দুটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার জন্য বাংলাদেশ সরকার ও ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যে যে চুক্তি ছিল, তার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। সরকার এ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটিতে ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের পরামর্শ দিয়েছে উপহাইকমিশন।

উপহাইকমিশন জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং সেগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের নাম শিগগির নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বর্তমান কেন্দ্র দুটি ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ায় নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং আবেদন জমা দেওয়ার নতুন ব্যবস্থা ঘোষণা না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করা ভারতসহ অন্য দেশের নাগরিকদের ভিসা আবেদনে সাময়িক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও শিলিগুড়ির এই দুটি কেন্দ্রের ওপর নির্ভরশীল আবেদনকারীদের নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। তবে বিজ্ঞপ্তিতে ভিসা ইস্যু বন্ধ রাখা কিংবা পুরো ভিসা আবেদনপ্রক্রিয়া স্থগিত করার বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা দেওয়ার কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে কি না, তা এখনো পরিষ্কার নয়।