বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার খালিয়াজুরিতে ইউএনওর কক্ষে ভোররাতে আগুন, নথি-আসবাব পুড়ে ছাই; ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়রাই নেভান

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ভবনের দোতলায় আগুন লাগে; কেউ হতাহত হননি, প্রাথমিকভাবে শর্টসার্কিটের ধারণা করা হচ্ছে।

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ভবনের দোতলায় ইউএনওর কক্ষে আগুন লাগে। এতে কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। কার্যালয় বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয়সূত্রে জানা গেছে, ভোরে দোতলার বারান্দায় পাহারা দিচ্ছিলেন পাহারাদার অলি মিয়া। নিচে দায়িত্বে ছিলেন দুজন গ্রাম পুলিশ সদস্য। পোড়া গন্ধ পেয়ে অলি মিয়া গ্রাম পুলিশদের ডাকেন। খোঁজাখুঁজির পর তাঁরা ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। তালা খুলে ভেতরে ঢুকে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখা যায়।

কার্যালয়ে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের সরকারি কোয়ার্টার থেকে ইউএনও অলিদুজ্জামান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভাতে নামেন।

খালিয়াজুরিতে ফায়ার সার্ভিস স্টেশন চালু নেই। তাই পাশের মদন উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু তাদের খালিয়াজুরিতে আসতে ধনু নদ পার হতে হয়। নদের ওপর সেতু না থাকায় ফেরিতে যানবাহন পারাপারে সময় লাগে। এর মধ্যেই স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের উৎস নিয়ে ইউএনও অলিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। টেলিভিশনের ক্যাবিনেটে রাউটার, ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল; সেখান থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।