শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীর ১০ ওয়ার্ডে একসঙ্গে ফগার স্প্রে, ধাপে ধাপে ৩০ ওয়ার্ডেই অভিযান

রাজশাহী সিটি করপোরেশন বৃহস্পতিবার ২০টি মেশিনে ১০টি ওয়ার্ডে কীটনাশক ছিটিয়েছে; তিন মাসের কর্মসূচিতে পর্যায়ক্রমে সব ওয়ার্ড আসবে।

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীর ১০টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিনে কীটনাশক ছিটিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ২০টি মেশিনে এ কার্যক্রম চালানো হয়।

রাসিক জানিয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে প্রশাসকের নির্দেশনায় কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। বৃহস্পতিবার ১৫, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে স্প্রে করা হয়। এর আগে ১০ নভেম্বর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এবং ১১ নভেম্বর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে একই কাজ হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই অভিযান চালানো হবে।

করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী স্লাব, ড্রেন, ভূগর্ভস্থ ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে কীটনাশক দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি, বেসরকারি ও আধা-সরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালানো হবে। অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাতেও আলাদা কার্যক্রম থাকবে।

রাসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, তিন মাসের এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডেই ফগার মেশিনে কীটনাশক ছিটানো হচ্ছে। স্প্রের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।