ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হলো চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা। ২০২৪ ও ২০২৫ সালে এই অনুপস্থিতির কারণে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরখাস্ত হওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানা ও ট্রাইব্যুনালে মামলা রয়েছে। এর পাশাপাশি তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে যোগ দেন। তবে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ছুটি নিয়ে সারদা ত্যাগ করেন।
ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করেই তিনি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। এ ধরনের অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।