রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল কিনবে সরকার, ধানের দর কেজিতে ৩৫ টাকা

খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ১৪ নভেম্বর থেকে ধান এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে; কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

রোববার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, এবার আমন ধান কেজিপ্রতি ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

খাদ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্ত হয়েছে আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আমন চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, সেটিও চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারি খাদ্যশস্যের মজুত শক্তিশালী করাও এই সংগ্রহ অভিযানের অন্যতম উদ্দেশ্য। সভায় দেশের খাদ্য পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।