ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে নিজকালিকাপুর সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়নের নিজকালিকাপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২১৫৯/৩-এস সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা—একজন ৫৫ বছর বয়সী পুরুষ, তাঁর ৪৮ বছর বয়সী স্ত্রী ও ২৬ বছর বয়সী ছেলে। ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুরুষ জানান, তিনি দীর্ঘদিন ধরে আইবিএস সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে দীর্ঘদিন ভিসার অপেক্ষা করেও সাড়া না পেয়ে স্থানীয় এক দালালের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে ঢোকার পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যেই তাঁরা নিজকালিকাপুর সীমান্ত এলাকায় আসেন।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।