প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর-পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, প্রকল্পে ভুল বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এর আয়োজন করে।
মূল বক্তব্যে ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি নগর-পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, অবকাঠামো নির্মাণের পর সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। আর্থিক ও পরিচালনগত সমস্যার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে।
তিনি বলেন, সিদ্ধান্তের আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতি মূল্যায়ন করা জরুরি ছিল। সব পক্ষের বক্তব্য ও বিকল্প বিশ্লেষণ করে তথ্য জনগণকে জানাতে হবে।
বক্তারা আরও জানান, এ পথে বিআরটি ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা ও ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবি নেতা রুহিন হোসেন (প্রিন্স), গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ ও পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী।