বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

৫ নভেম্বর ঢাকায় শুরু সাফ ফুটবল: সাধারণ গ্যালারির টিকিট এক হাজার টাকা, দিনে দুই ম্যাচ

একটি ডে পাসেই দেখা যাবে দিনের দুই ম্যাচ; উদ্বোধনী দিনে রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আয়োজকেরা জানিয়েছেন, টুর্নামেন্টে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে এবং একটি ডে পাস কিনলেই সেদিনের দুই ম্যাচ দেখা যাবে। সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার টাকা।

পাঁচটি শ্রেণিতে টিকিট বিক্রি হবে। সাধারণ গ্যালারির টিকিট এক হাজার টাকা, ক্লাব হাউসের চার হাজার, ভিআইপি গ্যালারির সাত হাজার, রেড বক্সের আট হাজার এবং কর্পোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে ভারত ও পাকিস্তান। এরপর রাত ৮টায় বাংলাদেশের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে সাফ ফুটবলের আয়োজক ছিল বাংলাদেশ।

টিকিটের দাম নিয়ে সাফের সেক্রেটারি নেপালের পুরুষোত্তম কাটাল বলেন, এক দিনে দুই ম্যাচ হওয়ায় দাম এক হাজার টাকা রাখা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, দুই ম্যাচের জন্য এক হাজার টাকা দর্শকদের জন্য কিছুটা চাপের হতে পারে। তবে টিকিটের বিষয়টি সাফের ওপর নির্ভর করছে; এবার সাফই টুর্নামেন্ট নিয়ন্ত্রণ করছে, বাফুফে সহযোগিতা করছে।

মঙ্গলবার বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কাটাল। বৈঠকে মাঠের অবস্থা, ম্যাচ, টিকিট, নিরাপত্তা এবং ইনার, আউটার ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। দর্শকেরা যেন নির্বিঘ্নে স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করতে পারেন, সেটিই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

কাটাল আরও জানান, এবারের আসরে ভিএআর প্রযুক্তি থাকবে। গ্রুপ পর্বে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর দুই সেমিফাইনাল ও ফাইনালে এটি পুরোপুরি প্রয়োগ হবে। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবার খেলছে না নেপাল। ভারত মূল দল না পাঠাতে পারে—এমন আলোচনা উড়িয়ে দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এটি ফিফার টায়ার–ওয়ান টুর্নামেন্ট হওয়ায় ভারত সেরা দলই পাঠাবে।