বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ; দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক সই

কলম্বোয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের হাতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রেসিডেন্ট দিশানায়েকে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বুধবার কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে তিনি ২০২৭ সালের শুরুর দিকে ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন। প্রতিমন্ত্রী দুই দেশের সম্পর্ক জোরদারে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। বৈঠকে শ্রীলঙ্কার দারিদ্র্যবিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন তিনি। এ সময় বাংলাদেশ সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

একই দিন শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দুই মন্ত্রী যৌথ পরামর্শক কমিশন গঠনের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ কমিশনের আওতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে। সেখানে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং সম্পর্ক আরও জোরদারের সুযোগ খতিয়ে দেখা হবে।

বৈঠকে দুই পক্ষ নিজ নিজ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা করে। উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করে দুই মন্ত্রী পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে এসব সফরের গুরুত্ব স্বীকার করেন।