মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: পল্টনে ভুয়া ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড

বিএমইটির ভ্রাম্যমাণ আদালত লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানটির মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে; প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ট্রাভেল এজেন্সির মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাজধানীর পুরানা পল্টনের ‘পল্টন টাওয়ার’-এ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান চালালেও তিনি কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে প্রতারণা করে আসছিলেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে যাঁরা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করছেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করে যেন কেউ প্রতারিত না হন, সে বিষয়েও তিনি সতর্ক করেন।