শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

অনলাইন ফুড ডেলিভারির তথ্যে ২৯ রেস্টুরেন্টের প্রায় ৩ কোটি টাকার অমিল, যাচাইয়ের নির্দেশ এনবিআরের

ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রয় তথ্যের সঙ্গে ভ্যাট দাখিলপত্র মিলিয়ে ২৯টি রেস্টুরেন্টের হিসাবে ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি অসঙ্গতি পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে বিক্রয় তথ্যের সঙ্গে ভ্যাট দাখিলপত্রে দেখানো অর্থ মিলিয়ে ২৯টি রেস্টুরেন্টের প্রায় তিন কোটি টাকার অমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ অসঙ্গতি শনাক্ত করা হয়েছে। অমিলের পরিমাণ ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা।

এ অমিল যাচাই করে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত বিক্রয় হিসাব নির্ধারণ এবং বকেয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ই-কমার্স, ফুড ডেলিভারি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই তালিকা থেকে পরিচিত ২৯টি রেস্তোরাঁর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রের সঙ্গে তিনটি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য তুলনা করা হয়।

এনবিআরের পর্যালোচনায় বলা হয়েছে, বাজার সমীক্ষা অনুযায়ী সাধারণত একটি রেস্টুরেন্টের মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেট থেকে হয়ে থাকে। কিন্তু ২৯টি প্রতিষ্ঠানের প্রতিটির ক্ষেত্রেই শুধু এই তিনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়া বিক্রির পরিমাণ আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রে দেখানো মোট বিক্রির চেয়েও বেশি পাওয়া গেছে। অর্থাৎ অনলাইন বিক্রির তথ্য ও দাখিলপত্রের হিসাবে বড় ধরনের অসঙ্গতি রয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে সংগৃহীত তথ্য যাচাই, প্রতিষ্ঠানগুলোর বিক্রয় হিসাব পর্যালোচনা, বকেয়া রাজস্ব আদায় এবং বর্তমান সময়ের প্রকৃত বিক্রয় হিসাবের ভিত্তিতে রাজস্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।