খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিকৃতিতে কালি দেওয়ার পর সেটি নতুন করে আঁকা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবার প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল।
রোববার সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতিটি এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের ছবির মাঝখানে আঁকা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সম্ভবত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, আগের ঘটনায় প্রতিকৃতিতে কালি লাগানোর সময়ের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি; পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে।
ওসি আরও জানান, আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি।