রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রথমবার ‘রাজনৈতিক’ বিভাগে জায়গা

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেনও।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে এ তালিকা প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির তালিকা অনুযায়ী, সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তারেক রহমান প্রথমবারের মতো ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

তালিকায় বাংলাদেশ থেকে আরও আছেন মানবাধিকারকর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এ তালিকায় থাকছেন বলে উল্লেখ করা হয়েছে।

আগের ২০২৬ সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০-এর মধ্যে ৫০তম স্থানে ছিলেন। ২০২৭ সালের সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। নিয়ম অনুযায়ী কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয়। বাকি ৪৫০ জনকে ক্রমানুসারে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।