বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের একটি নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা করার মামলায় সাবেক মহাব্যবস্থাপকসহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি মো. এনামুল ইসলাম জানান, পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে না দিয়ে গোলাম কিবরীয়া নিজে আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তনের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।