দীর্ঘ ১৩ বছর পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচনে ভোট হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফল প্রস্তুতের কাজ চলছিল।
নির্বাচন কমিটির সূত্রে জানা গেছে, মোট ভোটার ৩৪ হাজার ১৩১ জন, যাঁদের প্রায় ২২ হাজার ঢাকা কেন্দ্রের। শুধু ঢাকাতেই ছয় শতাধিক বুথ বসানো হয়। এবার কাগজের ওএমআর শিটে ভোট দিয়েছেন প্রকৌশলীরা। কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৬৫৮ জন প্রার্থী। নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট পদে লড়ছেন তিনজন। কেন্দ্রীয় কাউন্সিলের ৪০টি পদে প্রার্থী ২৪৯ জন; আর সাতটি প্রকৌশল বিভাগ এবং ‘উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার’-এর ১৩২টি পদে লড়েছেন ৩৮০ জন। কেন্দ্রীয় পদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের স্থানীয় কমিটি এবং দুটি ‘ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার’-এর নির্বাহী কমিটির নির্বাচনও একই সঙ্গে হয়েছে।
নিরাপত্তায় পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। তবে বিকেলের দিকে কয়েকটি কেন্দ্র ও সদর দপ্তরে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন এবং স্কাউট সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে। প্রতিদ্বন্দ্বী কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী পোলিং কর্মকর্তাদের ব্যালট দেওয়ার কথা থাকলেও একটি প্যানেলের প্রতিনিধিরা নিজেরাই ভোটারদের হাতে ব্যালট তুলে দেন; ভোটারদের প্রভাবিত করতে উপহারসামগ্রী বিতরণের অভিযোগও তোলেন তাঁরা। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্যানেলের নেতা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চট্টগ্রাম কেন্দ্রে তিন হাজার ৩৪৫ ভোটারের মধ্যে প্রায় দুই হাজার জন ভোট দিয়েছেন, যা প্রায় ৬০ শতাংশ। সেখানে পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে একাধিক ভোটার জানিয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, সব কেন্দ্র থেকে ওএমআর শিট ও গণনার ফল কেন্দ্রীয়ভাবে সংকলন করে ১৯ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিটির চেয়ারম্যান চূড়ান্ত ফল সংগঠনের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করবেন।