কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিং, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের পৃথক ঘটনায় ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চারজনকে সতর্ক করা হয়েছে এবং একজনের দুই সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে পাঁচজন আজীবন, দুজন দুই বছরের জন্য এবং ১৯ জন এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের দায়ে লোকপ্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং আরও চারজনকে সতর্ক করা হয়েছে। লোকপ্রশাসন বিভাগে র্যাগিং ও ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের ওপর চাপ প্রয়োগের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে বয়কটের অভিযোগও ওঠে; ওই শিক্ষার্থীর অভিযোগ, বয়কট তুলে নিতে তাঁর কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। অভিযুক্তরাও পাল্টা অভিযোগ তোলেন।
অন্যদিকে র্যাগিংয়ের দায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য এবং ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নবীনদের ঘণ্টার পর ঘণ্টা কক্ষে আটকে রাখা, গভীর রাতে ক্যাম্পাসে বসিয়ে রাখা, ল্যাম্পপোস্ট গুনতে পাঠানো, জোর করে নাচানো, মুখে নোংরা পানি নিয়ে দাঁড় করিয়ে রাখা এবং নির্মাণাধীন ভবনের ছাদে উঠে ছবি তুলতে বাধ্য করা হতো। এ ঘটনায় বিভাগের প্রায় ১৬ শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছিলেন।
এ ছাড়া ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে এক ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়ার পর তাঁর দুই সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযোগটি ছাত্র উপদেষ্টা, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল এবং প্রক্টরের কাছে দেওয়া হয়েছিল।