মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঈশ্বরদীর সাঁড়ায় সংঘর্ষ ও গোলাগুলির জেরে রাতে জামায়াত নেতাদের বাড়িতে হামলা, পুড়ল ৮ মোটরসাইকেল

সোমবার সন্ধ্যার সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হওয়ার পর রাতে একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির পর রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। আগুনে আটটি মোটরসাইকেল ও কয়েকটি পবিত্র কোরআন পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; গুলিবিদ্ধ পাঁচজনকে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে এলাকার আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিনের বিরোধ ছিল। পাশাপাশি বালুর ব্যবসা নিয়ে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গেও পিন্টুর সমর্থকদের বিরোধ চলছিল।

পিন্টুর সমর্থকদের দাবি, তাঁরা আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন; সে সময় কাঁকন বাহিনীর সদস্য ও জামায়াত নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এসে স্থানীয়দের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।

জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, সন্ধ্যার ঘটনার পর রাতে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একপর্যায়ে আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।