সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের ফলিয়া বাজারে আগুনে ৯ গুদাম ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

শনিবার রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা সীমান্তের বাজারে পাট ও পেঁয়াজের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আড়াই ঘণ্টা লাগে।

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে আগুনে পাট ও পেঁয়াজের নয়টি গুদাম পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।

শনিবার রাত আটটার দিকে পাট ও পেঁয়াজ ব্যবসায়ী মাসুদ মণ্ডলের গুদাম থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত গুদামে পাট, পেঁয়াজ, রসুন ও চালসহ বিভিন্ন কৃষিপণ্য মজুত ছিল। স্থানীয়দের প্রাথমিক হিসাবে প্রতিটি গুদামে ৪০ থেকে ৫০ লাখ টাকার পণ্য ছিল।

খবর পেয়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগান। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আলফাডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার ওবায়েদুর রহমান জানান, পাশেই বারাসিয়া নদী থাকায় সেখান থেকে পানি সংগ্রহ করা সহজ হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সোহেল রানা বলেন, চারটি ইউনিট এসে আগুন নেভায়। আগুনে প্রায় নয়টি গুদামের পাট, পেঁয়াজ ও চালসহ নানা মালামাল নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত গুদামমালিকদের মধ্যে আছেন হাবিবুর রহমান হাবি মণ্ডল, ফিরোজ মেম্বার, মাসুদ মণ্ডল, মিল্টন মোল্যা, জুয়েল মণ্ডল, ইমরুল মোল্যা ও কালাম মোল্যা। ব্যবসায়ী ফিরোজ মেম্বার বলেন, ধারদেনা করে পাটের ব্যবসা করতেন, এখন সবকিছু শেষ হয়ে গেছে। সরকারি সহায়তা না পেলে তাঁদের পথে বসতে হবে বলে তিনি জানান।

মাসুদ মণ্ডল বলেন, জমি বিক্রি ও ধারদেনা করে কেনা প্রায় ৫০ লাখ টাকার মালামাল তাঁর গুদামে পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী কিসলু খালাসী জানান, আগুন দেখে তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন, কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।