রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

১১ হাজার ৩৩৫ কোটি টাকার কক্সবাজার রেলপথে ২৮টি ট্রেন চলার কথা, চলছে মাত্র ১০টি; ইঞ্জিন-কোচ সংকটে আটকে সম্প্রসারণ

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় ১১৫ থেকে ১১৯টি ইঞ্জিনের বিপরীতে পূর্বাঞ্চলে চালু আছে ৭০ থেকে ৭৫টি; ইঞ্জিন ও কোচ কেনার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ চালুর পর ট্রেনে যাতায়াতে যাত্রীদের আগ্রহ বেড়েছে; অল্প সময়ের মধ্যে এটি রেলওয়ের আয়বর্ধক রুটগুলোর একটি হয়ে উঠেছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের আগে যে পরিমাণ ট্রেন চলাচলের পরিকল্পনা ছিল, তিন বছরেও তা পূরণ করতে পারেনি রেলওয়ে। ১১ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথে ২৮টি ট্রেন চলার কথা থাকলেও বর্তমানে চলছে মাত্র ১০টি।

রেলওয়ের কর্মকর্তারা জানান, এ পথে ট্রেনের সংখ্যা বাড়ানোর সুযোগ আছে। চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। কিন্তু ইঞ্জিনের সংকটে তা হচ্ছে না। নিয়মিত ট্রেনগুলো চালাতে রেলওয়ের পূর্বাঞ্চলে ১১৫ থেকে ১১৯টি ইঞ্জিন দরকার হলেও চালু আছে ৭০ থেকে ৭৫টি। ইঞ্জিনের অভাবে মাঝেমধ্যে বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

রেলওয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কক্সবাজার রেলপথে প্রতিদিন ১৪ জোড়া বা ২৮টি ট্রেন চলাচলের সক্ষমতা আছে, চলছে পাঁচ জোড়া। চট্টগ্রাম থেকে একটি র‍্যাক ব্যবহার করে দুই জোড়া ট্রেন চালানো হয়, ফলে প্রায়ই সময়সূচি এলোমেলো হয়ে যায়। চট্টগ্রাম থেকে চলাচল করা ট্রেনের আসন ও সেবার মান নিয়েও যাত্রীদের অভিযোগ আছে; এখন পর্যন্ত ট্রেনটিতে কোনো শীতাতপনিয়ন্ত্রিত কেবিন বা আসন নেই। ঢাকা থেকে দুই জোড়া বিরতিহীন এবং এক জোড়া আন্তনগর ট্রেন চলে। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই রেলপথে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, কক্সবাজার রেলপথে যাত্রীদের প্রচুর চাপ; নতুন ট্রেন চালু এবং বিদ্যমান রুটের ট্রেন কক্সবাজার পর্যন্ত নেওয়া প্রয়োজন। তবে পর্যাপ্ত ইঞ্জিন ও কোচের অভাবে পরিকল্পনা অনুযায়ী ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। রেলওয়ে গণপরিবহন হওয়ায় সব রুটের চাহিদার দিকে নজর রাখতে হয় উল্লেখ করে তিনি জানান, ইঞ্জিন ও কোচ কেনার প্রক্রিয়া চলছে; সেগুলো যুক্ত হলে এই রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা আছে।

পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, শুধু রেললাইন করলেই হবে না; ওই লাইনে ট্রেন চালাতে কী পরিমাণ ইঞ্জিন, কোচ ও জনবল দরকার, তার হিসাবও করা দরকার ছিল। তাঁর মতে, পরিকল্পনার অভাবে শুধু যাত্রীরাই বঞ্চিত হচ্ছেন না, রেলওয়েও রাজস্ব বাড়াতে পারছে না।