রাজশাহী, ৫ আগস্ট:
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ গণমিছিল ও বিশাল জনসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখা।
সোমবার (৫ আগস্ট) সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক আবদুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের শত শত কর্মী এবং সাধারণ জনগণ। গণমিছিলটি গোদাগাড়ী পৌরসভার ২-৩টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রদক্ষিণ করে স্বাধীন চত্বরে এসে এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। ডাইংপাড়া মোড়জুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক অভূতপূর্ব গণজাগরণের পরিবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ৩৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসে গণজাগরণ ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। এ দিনটি স্মরণ করে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার করি। জেলা আমির অধ্যাপক আবদুল খালেক তাঁর বক্তব্যে বলেন, “জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় গণমানুষের পাশে রয়েছে এবং থাকবে। শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই অবৈধ শাসনের অবসান ঘটিয়ে দেশে সত্যিকার পরিবর্তন আনা সম্ভব। গোদাগাড়ীর স্থানীয় বাসিন্দারা জানান, এই আয়োজনটি গোদাগাড়ীতে দীর্ঘদিন পর রাজনৈতিকভাবে সবচেয়ে বড় জনসমাগম। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোদাগাড়ীতেও পালিত হয় এই দিবসটি। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।