রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের মৎস্য ব্যবসায়ী জাবের আলীকে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি সংযুক্ত করে লকডাউন কর্মসূচি সফল করার আহ্বানসংবলিত পোস্টার ও ফেস্টুন ইউনিয়নের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে বাসুপাড়া ইউনিয়নের লাউবাড়িয়া ও বীরকয়া গ্রামের বিভিন্ন দেয়ালে জাবের আলীর ছবি সংযুক্ত পোস্টার সাঁটানো হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি তাঁকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলো দেখতে পান তিনি।
জাবের আলী সাংবাদিকদের কাছে প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এআই দিয়ে তৈরি ছবির মাধ্যমে এসব পোস্টার সাঁটিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় তিনি বাগমারা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পোস্টার কারা লাগিয়েছে, তা এখনো শনাক্ত হয়নি।