রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে ‘সাইকো গ্যাং কিলার’ নামের কিশোর গ্যাংয়ের মিছিল, ছয় কিশোর আটক

শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েক শ কিশোরকে নিয়ে মিছিলের পর ১৪ থেকে ১৭ বছর বয়সী ছয়জনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামের একটি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে পুলিশ। গ্যাংটির নেতৃত্বে রয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। নানা অপরাধে জড়িত থাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিল করার তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের বর্ণনা ও ফেসবুকের পোস্ট অনুযায়ী, ১ নভেম্বর গ্যাংয়ের নেতৃত্বে থাকা কিশোরকে ট্যাগ করে আরেক কিশোর একটি ফটোকার্ড পোস্ট করে। তাতে ২০ নভেম্বর বেলা আড়াইটায় ‘ভাই ব্রাদার শোডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েক শ কিশোরকে নিয়ে মিছিল বের করা হয়। পরে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। কয়েকটি ভিডিওতে দেখা যায়, দুটি মোটরসাইকেলে কয়েকজন মিছিলের সামনে থেকে ভিডিও ধারণ করে এগোচ্ছে এবং মিছিল থেকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলটি পরে একটি মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলের খবর পেয়ে বিকেলে ছয় কিশোরকে আটক করে পুলিশ। তাঁদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আটকদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী; অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত ও জুতার দোকানে কাজ করে, একজন বাসের চালকের সহকারী। শুক্রবার রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়; অংশ নেওয়া প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। পুলিশের ভাষ্য, মিছিলের পর মধ্যরাতে গ্যাংয়ের নেতৃত্বে থাকা কিশোরের বাসায় একটি দল ভাঙচুর চালিয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সাইকো গ্যাং কিলারের সদস্যরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও ছোটখাটো হামলার মতো অপরাধে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে আগেই ছিল। আটক ছয়জনের কাছ থেকে তাঁদের তৎপরতার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে। কারা নেতৃত্বে আছে, কারা সহযোগিতা করছে এবং গোষ্ঠীগুলোর বিস্তৃতি কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, শহরে এ ধরনের একাধিক গোষ্ঠীর অস্তিত্বের তথ্য পাওয়া গেছে; এগুলো পৃথক গোষ্ঠী, নাকি একই গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন নামে সক্রিয়, তা যাচাই করা হচ্ছে। আটক ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।