জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বাবা-মায়ের নাম সংশোধন করতে না পারায় দুই কিডনি বিকল হয়ে যাওয়া নাটোরের সাংবাদিক ইসাহাক আলীর বিদেশে চিকিৎসা আটকে গেছে। পরিবার ও সহকর্মীরা বিভিন্ন দপ্তরে ঘুরেও সমস্যার সমাধান পাননি বলে জানা গেছে। পরিচয়পত্রের জটিলতায় তিনি পাসপোর্ট-ভিসা করতে পারছেন না, এমনকি নিজের নামে থাকা জমিও বিক্রি করতে পারছেন না।
ইসাহাক আলী নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহসভাপতি এবং দুটি গণমাধ্যমের নাটোর জেলা প্রতিনিধি। দুই কিডনি বিকল হওয়ার পাশাপাশি তিনি তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ও ফেসবুক লাইভে তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে মানবিক বিবেচনায় দ্রুত সমাধানের আহ্বান জানান।
ইসাহাক আলী বলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছেন। তাঁর বর্তমান ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি, যা অত্যন্ত সংকটাপন্ন। বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আইসিইউতেও চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জানা যায়, ইসাহাক আলী জন্মের পর থেকে নিঃসন্তান বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন এবং তাঁদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে তিনি জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম। তাঁর জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে পালক বাবা-মায়ের নাম রয়েছে, অথচ জমির দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এই অসংগতির কারণে সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাপ্তরিক কাজে তিনি সমস্যায় পড়ছেন।
সমাধানের জন্য তিনি জন্মনিবন্ধন সংশোধন ও প্রয়োজনীয় হলফনামা করেছেন। নলডাঙ্গা উপজেলা ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তাঁর পারিবারিক পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনও জমা দিয়েছেন বলে জানা গেছে। তবু এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি। গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদের নাম সংশোধন করে জমা দিতে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।
স্বজন ও সহকর্মীদের আশঙ্কা, সময়মতো সমাধান না হলে উন্নত চিকিৎসা শুরু করা কঠিন হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।