ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে এ কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে স্প্রে করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী নগরীর বিভিন্ন ওয়ার্ডে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, স্লাব, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।
রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন বলেন, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনে কীটনাশক স্প্রে আবারও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন পরিষ্কার ও ড্রেনে লার্ভিসাইড প্রয়োগসহ মশক নিয়ন্ত্রণে নানা কার্যক্রম চলমান রয়েছে।