বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দিয়েছেন; সপ্তাহটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই খাতের অবদান অনেক।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে প্রজন্ম পুষ্টির দিক থেকে শক্তিশালী, তাদের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। সে কারণে প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। সপ্তাহ উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়েছে এবং আলোচনা সভা হয়েছে।