বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর লেক দূষণমুক্ত রাখতে ১ হাজার ২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, কাজ শুরুর সময় ১৫ নভেম্বর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কারিগরি কমিটির সভায় সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও পয়ঃশোধনাগার নির্মাণে নানা সিদ্ধান্ত হয়।

রাজধানীর লেকগুলো দূষণমুক্ত রাখতে ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও পয়ঃশোধনাগার (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কারিগরি কমিটির সভায় এ তথ্য জানানো হয় এবং এ-সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজউকের আওতাধীন এলাকার লেকগুলো দূষণমুক্ত রাখা ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুরের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় লেকগুলোর বর্তমান দূষণ পরিস্থিতি, দূষণের উৎস শনাক্তকরণ, পানির গুণগত মান উন্নয়ন এবং বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, নোটিশ পাওয়া ভবনগুলোর তালিকা সংশ্লিষ্ট আবাসিক সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে। সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের কাঠামোগত নকশা রাজউক থেকে অনুমোদন নিতে হবে এবং আবেদন পাওয়ার তিন দিনের মধ্যে রাজউককে তা নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত হয়।

যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সংস্থান রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না করলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।