শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নড়াইল ও গোপালগঞ্জের সহিংসতার জের: জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ নভেম্বর থেকে বন্ধ, বিকল্প পথে ট্রেনের প্রস্তাব

পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর প্রস্তাব দিয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চল; নড়াইলের যাত্রীরা ভোগান্তিতে।

নড়াইল ও গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে প্রতিদিন ট্রেন দুটির যাত্রা বাতিল হওয়ায় নড়াইলসহ এই রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এ অবস্থায় ট্রেন দুটি বন্ধ রেখে বিকল্প পথে নতুন ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে রেলওয়ে। গত বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের পক্ষে সিনিয়র চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবুল আওয়াল। চিঠিতে বলা হয়েছে, ট্রেন বারবার বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে; এতে যাত্রীদের ভোগান্তি ও বিভ্রান্তি বাড়ছে এবং ট্রেন পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সচল রাখা, রাজস্ব ক্ষতি কমানো এবং ইঞ্জিন ও কোচের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই বিকল্প পথে ট্রেন চালুর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন চলবে। খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে বেলা ৩টা ১০ মিনিটে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে। ট্রেন দুটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে থামবে। সাময়িকভাবে চালানো এই ট্রেনের টিকিট যাত্রার তিন দিন আগে বিক্রির প্রস্তাব করা হয়েছে।

ট্রেন বন্ধ হওয়ায় হতাশ নড়াইলসহ এই রুটের যাত্রীরা। নড়াইল শহরের দুর্গাপুরের চাকরিজীবী ফাহাদ শাহরিয়ার বলেন, সাপ্তাহিক ছুটিতে ট্রেনে নড়াইল থেকে প্রায় দুই ঘণ্টায় ঢাকায় যাওয়া যেত; এখন দুর্ভোগ বেড়েছে। বিথী খানম বলেন, ট্রেনে নড়াইল থেকে ঢাকা, খুলনা ও বেনাপোলে সহজে যাতায়াত করা যেত, তাই দ্রুত এই রুটে ট্রেন চালু করা দরকার।

২০২৪ সালের ডিসেম্বরে এই রুটে ট্রেন চালুর পর এবারই প্রথম চলাচল বন্ধ হলো। রেলওয়ের প্রস্তাব অনুমোদিত হলে বিকল্প পথে ট্রেন চালু হবে। তবে নড়াইল ও আশপাশের এলাকার যাত্রীরা আগের রুটে রেলসেবা আবার চালুর অপেক্ষায় আছেন।