রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের ৪৩ জন প্রতিনিধির হাতে মোট ১ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শেষে এই চেক বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। তিনিই সভা শেষে দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক এবং রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া মো. মাইনুল হক মানা এবং রাজশাহী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মধুও উপস্থিত ছিলেন।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও পরিবহনসংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিহত ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার আলাদাভাবে কত টাকা পেয়েছে, তা জানা যায়নি।