শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ি শহরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই

কলাবাগান এলাকায় কাঠের দোকান ও ফার্নিচার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশের কাঠের দোকান, ফার্নিচার কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান এবং বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় কাজটি কঠিন হয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থাপনাগুলো কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর সঙ্গে পানির সংকট যুক্ত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেশি সময় লেগেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের দোকান ও কারখানার মালামালসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে গেছে। তাঁদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।