সারা দেশে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ সদস্যদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বাইসাইকেল দেওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে প্রতি পাঁচ বছরের বদলে তিন বছর অন্তর একটি করে নতুন বাইসাইকেল পাবেন গ্রামপুলিশের দফাদার ও মহল্লাদাররা। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশে’ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল দেওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার প্রেক্ষিতেই এ পরিপত্র জারি হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের বাইসাইকেল প্রদানসংক্রান্ত অংশটি এই পরিপত্রে সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রামপুলিশের প্রধান (দফাদার) ও সদস্যরা (মহল্লাদার) প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এই সুবিধা পাওয়ার সময়সীমা ছিল পাঁচ বছর।
পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে, বাইসাইকেল প্রদানের সময়সীমা বদলানো হলেও আগের পরিপত্রের অন্যান্য শর্তাবলি এবং অন্যান্য সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ বাইসাইকেল ছাড়া অন্যান্য সুবিধা ও শর্ত আগের মতোই থাকবে।
নতুন সিদ্ধান্তে একটি বাইসাইকেল পাওয়ার জন্য অপেক্ষার সময় পাঁচ বছর থেকে কমে তিন বছরে নেমে এল, অর্থাৎ দুই বছর কমল। সারা দেশের ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশের দফাদার ও মহল্লাদাররা এই সুবিধার আওতায় আসবেন।